admin
প্রকাশিত: 5:06 AM, September 20, 2026
সিলেট সদর উপজেলার শাহপরাণ থানাধীন বালুচর বাজার সংলগ্ন ১৬/১ মাস্টার বাড়ি প্রাইমারি স্কুলের পাশে লিলির বাসা নামে একটি ভাড়া বাসায় দিনদুপুরে অভিযান চালিয়ে ব্যাপক ভাঙচুর, তল্লাশি ও এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে শাহপরাণ থানা পুলিশের বিরুদ্ধে।
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর গ্রামের মৃত হারিছ আলীর ছেলে ও সিলেট হকার মার্কেটের ব্যবসায়ী খালেদ আহমদের বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবার জানায়, খালেদ আহমদ দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বালুচরের ‘লিলির বাসা’র নিচতলার একটি ইউনিটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। তিনি সিলেট হকার মার্কেটে সুনামের সহিত ব্যবসা করে আসছেন। গত ১৭ সেপ্টেম্বর শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদের নেতৃত্বে এসআই সুব্রত চৌধুরীসহ প্রায় ২৫ জনের একটি পুলিশ দল খালেদ আহমদের বাসায় তল্লাশি অভিযান চালায়।
হঠাৎ এই অভিযানের কারণ জানতে চাইলে পুলিশ দাবি করে, খালেদ আহমদ একজন বড় মাপের মাদক ব্যবসায়ী এবং সেই তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি। তবে অভিযানকালে খালেদ আহমদ বাসায় উপস্থিত ছিলেন না।
ভুক্তভোগীদের অভিযোগ, খালেদ আহমদকে বাসায় না পেয়ে তাঁর স্ত্রী মুমিনা বেগমের ওপর চড়াও হয় পুলিশ। মাদক কোথায় রাখা হয়েছে তা স্বীকার করতে তাঁকে চরম চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে এসআই সুব্রত চৌধুরী মুমিনা বেগমের গায়ে হাত তোলেন এবং তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগে মুমিনা বেগম ও তাঁর স্বামী খালেদ আহমদ সিলেটের সংবাদ পত্রিকার অনুসন্ধানী সাংবাদিকদের জানান, এসআই সুব্রত চৌধুরী মুমিনা বেগমের হাত ধরে টেনে ধরে বলেনÑ’তোমার স্বামীকে যেহেতু পাচ্ছি না, তোমাকেই থানায় নিয়ে যাব। তখন তোমার স্বামী থানায় হাজির হলে তাকে রেখে তোমাকে ছেড়ে দেব।’ এ কথা বলে তিনি শারীরিক লাঞ্ছনা ও টানাটানি করেন।
তারা আরো অভিযোগ করেন, ওসি ফেরদৌস আহমেদ ও এসআই সুব্রত চৌধুরীর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘরে তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। কোনো প্রকার প্রমাণ বা মাদক না পেয়েও একজন সম্মানীয় ব্যবসায়ীকে ‘মাদক ব্যবসায়ী’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানহানি করা হয়েছে।
এদিকে এলাকার একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, খালেদ আহমদ একজন অত্যন্ত ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তিনি কখনো কোনো অপকর্ম বা অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। অযথাই পুলিশ এসে এই নিরীহ পরিবারটিকে হয়রানি করেছে।
ঘটনার বিষয়ে শাহপরাণ থানায় সরাসরি গিয়ে ওসি ফেরদৌস আহমেদের সাথে দেখা করার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। তথ্যের ভিত্তিতে তল্লাশি করা হয়েছিল, তবে বাসা থেকে কিছুই পাওয়া যায়নি।
খালেদ আহমদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা জানতে চাইলে ওসি দাবি করেন, তাঁর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে চারটি মামলা রয়েছে। তবে শ্লীলতাহানি ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন তিনি।
অভিযুক্ত এসআই সুব্রত চৌধুরী মুঠোফোনে জানান, আমি তাঁর স্ত্রীর গায়ে হাত দিইনি। ২৫ জন পুলিশ সদস্য সাথে থাকা অবস্থায় কি এমন কাজ করা সম্ভব? যদি আমি একা হতাম হবে তা বলতে পারতো বা এমন অভিযোগ করার সুযোগ থাকত। আমরা সন্ধাবেলা গিয়েছি এবং সাথে স্বয়ং ওসি স্যারও ছিলেন।
কোনো মাদকদ্রব্য উদ্ধার না হওয়া সত্ত্বেও একটি পরিবারের ঘরে হামলা, আসবাবপত্র ভাঙচুর এবং গৃহবধূকে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ