admin
প্রকাশিত: 10:58 AM, September 29, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল চালু করা নিয়ে সংশয় ও অনিশ্চয়তা কাটছেই না। নির্মাণ কাজ শেষ হলেও প্রশাসনিক আমলাতন্ত্র, ভবন হস্তান্তর ও জনবল নিয়োগের জটিলতায় চালু হচ্ছে না হাসপাতালটি। হাসপাতাল কর্তৃপক্ষ এখনো গণপূর্ত বিভাগের কাছ থেকে ভবন বুঝে নেয়নি। প্রশাসনিক অনুমোদনের আগেই ভবন বুঝে নেওয়া, নাকি আগে জনবল নিয়োগÑ এই দ্বন্দ্বে পুরো বিষয়টি এখন ‘ডিম আগে, না মুরগি আগে’ পরিস্থিতির সৃষ্টি করেছে।
গেল ৭ জুলাই মেডিকেল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা রাজধানীতে স্বাস্থ্য সচিবসহ স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ছয় সপ্তাহের মধ্যে হাসপাতালের আউটডোর সেবা চালু হবে। এছাড়া অক্টোবরে মেডিসিনের ইনডোর এবং ডিসেম্বরে পূর্ণাঙ্গভাবে হাসপাতাল চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে প্রতিশ্রুতি অনুযায়ী ছয় সপ্তাহের জায়গায় ইতোমধ্যে ১১ সপ্তাহ পার হয়ে গেলেও হাসপাতাল ভবন হস্তান্তরের প্রক্রিয়াই শুরু হয়নি।
প্রতিশ্রুত সময়ের মধ্যে আউটডোর কেন চালু হলো নাÑ এ বিষয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের নবনিযুক্ত উপ-পরিচালক ডা. আহমেদ হোসেন জানান, হাসপাতাল ভবন এখনো সমঝে নেওয়া হয়নি। ভবন হস্তান্তরিত না হওয়ায় প্রশাসনিক অনুমোদন মেলেনি এবং প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় সৃষ্টি হয়নি হাসপাতালের অর্থনৈতিক কোড (ইকোনমিক কোড)।
তিনি বলেন, “অর্থনৈতিক কোড না থাকলে হাসপাতাল রক্ষণাবেক্ষণের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে লোকবল নিয়োগ বা এক টাকাও খরচ করার সাধ্য আমার নেই। ভবন সমঝে নেওয়ার পরই প্রশাসনিক অনুমোদন হবে এবং আউটসোর্সিং লোকবল নিয়োগের সুযোগ তৈরি হবে। আগে সমন্বয় সভায় এক মাসের মধ্যে ভবন সমঝে নেওয়ার সিদ্ধান্ত হলেও তা পিছিয়ে গেছে। এখন সব পক্ষকে নিয়ে আবার সমন্বয় সভা করতে হবে।”
অন্যদিকে, সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. কামরুজ্জামান ভিন্ন মত প্রকাশ করেছেন। তিনি বলেন, “ভবন সমঝে নিলে এর রক্ষণাবেক্ষণ কে করবে, সেটি বড় চিন্তার বিষয়। জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক ডাক্তার ও কর্মচারীসহ ২১৫ জন জনবলের অনুমোদন পাওয়া গেলেও তাদের নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।” উদ্ভূত পরিস্থিতি ও সিদ্ধান্তের বিষয়ে মতামত জানতে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগাযোগের জন্য ঢাকায় অবস্থান করছেন বলে জানান।
তবে গণপূর্ত বিভাগের দাবি, তাদের অংশের কোনো কাজই বাকি নেই। সুনামগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোল্লা রবিউল ইসলাম বলেন, “ভবন সমঝে নেওয়ার জন্য এক বছর আগেই চিঠি দেওয়া হয়েছে। পরবর্তীতে সংশোধিত চিঠিও পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিবসহ দায়িত্বশীল কর্মকর্তারা সরেজমিনে এসে ভবন পরিদর্শন করে গেছেন। এখন আমাদের পক্ষ থেকে আর কোনো বকেয়া কাজ নেই।”
হাসপাতাল চালু ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে গেল ২২ জুন আন্দোলনে নামে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে মানববন্ধন, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ করা হয়েছিল। এরপর গুটিকয়েক শিক্ষক নিয়োগ দেওয়া হলেও মূল সমস্যার কোনো টেকসই সমাধান হয়নি।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ নভেম্বর একনেকে ১,১০৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে অনুমোদন পায় সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প (পূর্বনাম: বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল)। পরবর্তীতে প্রকল্প ব্যয় আরও বৃদ্ধি পায় এবং ইতোমধ্যে প্রায় এক হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় মদনপুর-দিরাই সড়কের মদনপুর পয়েন্ট এলাকায় ২০২০ সালের মার্চে ২৫ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৩৫ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ২০টি আধুনিক ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ২০২১ সালে অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরুর পর ২০২৪ সালে নতুন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয়। তবে অবকাঠামোগত সুবিধা থাকা সত্ত্বেও পাঁচটি ব্যাচের ৩৫০ জন শিক্ষার্থীকে প্রয়োজনীয় শিক্ষক ছাড়া পাঠদান চালাতে হচ্ছে। হাসপাতাল চালু না হওয়ায় তাদের ক্লিনিক্যাল ক্লাসও ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্য অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের যৌথ সমন্বয় সভা ছাড়া এই অচলাবস্থা কাটানো সম্ভব নয়।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে হবে: সাহেদ আহমদ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, দেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হলে ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে
উন্নত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট
আহ্বায়ক রুবেল আহমদ, সদস্য সচিব হুমায়ন রসিদ আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই
স্টাফ রিপোর্টার: সিলেট রেঞ্জের সেপ্টেম্বর/২০২৬ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা
দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ও রাজপথের অভিজ্ঞতার মূল্যায়নে সিলেট জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে সাবেক ছাত্রনেতা কামরুল হাসান
অপরাধের বিষাক্ত থাবায় ভাগারপাড় সিলেটের জালালাবাদ থানাধীন ভাগারপাড় গ্রামটি বাহ্যিক শান্ত মনে হলেও গত দুই দশক ধরে এক অন্ধকার অপরাধ