admin
প্রকাশিত: 7:06 AM, October 15, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য নির্ধারিত জমি নিয়ে বিরোধের জেরে আদালতে অগ্রক্রয় মামলা হয়েছে। মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে মাটি কাটা, ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণসহ জমির আকৃতি ও প্রকৃতি পরিবর্তনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে জমি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শান্তিভঙ্গ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আদালতের নিষেধাজ্ঞার নোটিশ জারি করতে গিয়ে এক কর্মচারীকে মারধর, হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিবাদীপক্ষের কয়েকজনের বিরুদ্ধে।
আদালতের নথি অনুযায়ী, জকিগঞ্জের সিভিল জজ আদালতে বিবিধ অগ্রক্রয় মোকদ্দমা নং ১০/২০২৬ করেছেন হালিমা বিবি ওরফে হালিমা বেগম। মামলায় বিবাদী করা হয়েছে মো. আব্দুল বাছিতসহ অন্যদের। বাদীপক্ষের দাবি, বিরোধপূর্ণ জমিতে তাঁর সহশরিকানা স্বত্ব রয়েছে। সংশ্লিষ্ট সহশরিকদের না জানিয়ে জমির একাংশ বিক্রি করা হয়েছে বলে অভিযোগ তুলে আইন অনুযায়ী অগ্রক্রয়ের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আদালতের শরণাপন্ন হন।
মামলার আবেদনে হালিমা বিবি অভিযোগ করেন, বিবাদীপক্ষ বিরোধপূর্ণ জমিতে মাটি কাটা, ভরাট ও সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করছে। মামলার নিষ্পত্তির আগে জমির প্রকৃতি পরিবর্তন করা হলে তাঁর স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ আদালত অগ্রক্রয় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক বা বেআইনিভাবে মাটি কাটা, ভরাট, সীমানাপ্রাচীর নির্মাণ কিংবা অন্য কোনোভাবে জমির আকৃতি ও প্রকৃতি পরিবর্তনের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। আদালতের আদেশে বাদীপক্ষের দাবির পক্ষে প্রাথমিকভাবে বিচারযোগ্য বিষয় থাকার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এটি জমির মালিকানা নিয়ে চূড়ান্ত রায় নয়; মামলাটি এখনো বিচারাধীন।
পরে আদালতের আরেক আদেশে নিষেধাজ্ঞা কার্যকর রাখা এবং বিরোধপূর্ণ জমি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও শান্তিভঙ্গ ঠেকাতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
এদিকে, আদালতের নিষেধাজ্ঞার নোটিশ জারি করতে গিয়ে বাধা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন সিলেট জেলা জজ আদালতের জারীকারক দীপক চন্দ্র বিশ্বাস। গত ৩ অক্টোবর জকিগঞ্জ থানায় দেওয়া এজাহারে তিনি অভিযোগ করেন, ওই দিন বিকেলে জকিগঞ্জের সিভিল জজ আদালতে বিচারাধীন অগ্রক্রয় মামলার অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ জারি করতে তিনি উপজেলার কসকনকপুর ইউনিয়নের নগরকান্দি গ্রামের একটি বাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর কয়েকজন তাঁকে উদ্দেশ করে আপত্তিকর কথা বলেন ও হুমকি দেন। একপর্যায়ে তাঁকে ঘরে নিয়ে আটকে রাখার জন্য টানাহেঁচড়া করা হয়। তাঁকে মারধরের উদ্দেশ্যে ঘর থেকে লাঠিসোঁটা আনা হয় বলেও এজাহারে উল্লেখ করেন তিনি।
দীপক চন্দ্র বিশ্বাসের অভিযোগ, এ সময় একজন বিবাদী তাঁর হাত থেকে আদালতের নোটিশটি জোরপূর্বক নিয়ে যান। পরে তিনি ঘটনাস্থল থেকে সরে গিয়ে বিষয়টি সিলেট জেলা জজ আদালতের নাজির খাইরুল ইসলামকে মুঠোফোনে জানান। খবর পেয়ে জকিগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক বিবাদীর কাছ থেকে নোটিশটি উদ্ধার করে জব্দ করে বলে এজাহারে উল্লেখ রয়েছে। পরে তিনি জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় এজাহারে আব্দুল জলিল ওরফে জালাল মিয়া, তাহের আহমদ ও কামরান আহমদের নাম উল্লেখ করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
বিরোধপূর্ণ জমিতে ‘ফিরুজ আলী মডেল মাদ্রাসা’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সিলেটের ব্যবসায়ী আব্দুল বাছিত মিয়া। তাঁর বাবা ফিরুজ আলীর স্মরণে প্রতিষ্ঠানটি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। স্থানীয় বাসিন্দা শাহীনা আক্তার চৌধুরী এ উদ্যোগের জন্য জমি দান করেছেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ১১ সেপ্টেম্বর মাদ্রাসাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রাথমিক ও হিফজ বিভাগ চালুর পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত ও আরবি শিক্ষার পরিকল্পনার কথাও জানানো হয়েছিল।
তবে মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগের সঙ্গে যুক্ত জমির মালিকানা ও হস্তান্তর নিয়ে বিরোধ আদালতে গড়িয়েছে। জমি দানের তথ্যের সঙ্গে বাদীপক্ষের অগ্রক্রয় দাবির সম্পর্ক এবং জমির স্বত্বের ধারাবাহিকতা সংশ্লিষ্ট দলিল পর্যালোচনা করে নিশ্চিত হওয়া প্রয়োজন। অন্যদিকে, আদালতে দেওয়া লিখিত আপত্তিতে বিবাদীপক্ষ বাদীর অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, বাদীর আবেদন আইনগতভাবে গ্রহণযোগ্য নয় এবং জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়ে বাদীপক্ষের বক্তব্য সঠিক নয়। তারা অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজেরও আবেদন জানিয়েছে।
হালিমা বেগম বলেন, “আব্দুল বাছিত মিয়া বিত্তবান ও প্রভাবশালী হওয়ায় আমাদের ওয়ারিশি স্বত্ব নিয়ে নানাভাবে হয়রানি করে আসছেন। আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে আমি আশাবাদী।”
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ