admin
প্রকাশিত: 4:30 PM, November 3, 2026
শ্রমিক আন্দোলনে পরাজিত শক্তির ইন্ধন রয়েছে
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, তৃণমূলের একজন কর্মীও বর্তমান সরকারের অংশীদার। সুতরাং “আমরা ক্ষমতায় আছি”Ñএমন অহংকার থেকে নেতাকর্মীদের কথা ও আচরণে কেউ যেন ন্যূনতম আঘাত না পান, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। দলের নেতাকর্মীদের আরও বিনয়ী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নেতাকর্মীরা বিনয়ী হলে সংগঠনের জনসমর্থন ও জনপ্রিয়তা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।
গতকাল সোমবার দুপুরে কাজীরবাজার তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে নগরীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে। পরাজিত শক্তি শ্রমিকদের বিভ্রান্ত ও উসকানি দিয়ে রাজপথে নামানোর চেষ্টা করছে এবং এর পেছনে সুস্পষ্ট রাজনৈতিক ইন্ধন রয়েছে।
তিনি অভিযোগ করেন, শ্রমিকদের আন্দোলনে একটি মহলের হস্তক্ষেপ ও উসকানির সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ তাঁদের হাতে রয়েছে। ঘটনাস্থলে ছাত্রলীগ ও যুবলীগের অন্তত ১১ জন নেতাকর্মীকে শনাক্ত করা হয়েছে, যাদের কেউ কেউ আবার উসকানিমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ফলাও করে প্রকাশও করেছেন। পরাজিত শক্তি দেশের বাইরে থেকে নানা অপতৎপরতা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের এই রাজনৈতিক অপচেষ্টা এখন জনগণের কাছে সম্পূর্ণ স্পষ্ট।
জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’ শীর্ষক মন্তব্যের কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, “কোন বিপ্লব টোকা দিচ্ছে? একটি সরকারের বয়স মাত্র আট মাস। এই অল্প সময়ের মধ্যে সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নিরলস কাজ করে যাচ্ছে।” তিনি আরও যোগ করেন, যারা আজ নানা ধরনের বায়বীয় বিপ্লবের কথা বলছেন, বিগত ফ্যাসিবাদী আমলে তারা কোথায় ছিলেন? বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রাজপথে রক্ত দিয়েছে এবং অজস্র নেতাকর্মী জীবন উৎসর্গ করেছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে রিজভী জানান, দলীয় প্রতীকে ও দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে জেলা পর্যায়ের নেতাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। তৃণমূলের মূল্যায়ন ও জনপ্রিয়তার ভিত্তিতে স্থানীয় পর্যায়ে প্রার্থী যাচাই-বাছাই করা হবে বলেও জানান তিনি।
মহানগর বিএনপির কার্যালয়ের সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতির আদর্শের কথা স্মরণ করে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ কেবল হত্যা, গুম ও রক্তপাতের রাজনীতি করেছে; বিপরীতে জিয়া ও খালেদা জিয়া দেশের মানুষের কথা বলার স্বাধীনতা এবং বহুদলীয় গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই একই ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন। বিগত গণতান্ত্রিক ও জুলাইয়ের গণআন্দোলনে সিলেটের অবিস্মরণীয় ও বীরত্বপূর্ণ ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি নেতাকর্মীদের জনগণের আস্থার প্রতীক হয়ে কাজ করার আহ্বান জানান।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ। সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।