admin
প্রকাশিত: 4:10 PM, August 30, 2026
ফ্রান্স প্রতিনিধি:
দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রবাসীদের ‘রেমিট্যান্স যোদ্ধা’ বলা হয়। কিন্তু বিদেশের মাটিতে সেই প্রবাসীদের নাগরিক সেবা পেতে যদি রাতভর দূতাবাসের সামনে দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে—রাষ্ট্রের কাছে তাদের প্রাপ্য সেবা কোথায়? ফ্রান্সে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিতে গিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির অভিযোগ উঠছে। বিশেষ করে ই-পাসপোর্টের আবেদন ও নবায়নের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে অনেক প্রবাসীকে মধ্যরাতের পর প্যারিসে বাংলাদেশ দূতাবাসের সামনে এসে অপেক্ষা করতে হচ্ছে। রাতভর অপেক্ষার পরও পরদিন সেবা মিলবে কি না, সেই নিশ্চয়তা থাকছে না বলে অভিযোগ সেবাপ্রত্যাশীদের। ভোর হওয়ার আগেই দূতাবাসের সামনে দীর্ঘ সারি তৈরি হয়। অতিরিক্ত ভিড়, সিরিয়াল পাওয়ার অনিশ্চয়তা এবং হুড়োহুড়িতে কখনো কখনো বিশৃঙ্খল পরিস্থিতিও তৈরি হচ্ছে। সম্প্রতি সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে ভিড়ের মধ্যে একটি শিশু আহত হয়েছে বলেও কয়েকজন সেবাগ্রহীতা জানিয়েছেন। এতে নারী, শিশু ও প্রবীণদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পাসপোর্টের প্রয়োজন মেটাতে ফ্রান্সের বিভিন্ন শহর থেকে বাংলাদেশিরা প্যারিসে আসছেন। প্রায় ৮০০ কিলোমিটার দূরের শহর থেকেও অনেকে রাতে যাত্রা করে ভোরের আগে দূতাবাসে পৌঁছান। লিল শহর থেকে আসা এক সেবাপ্রত্যাশী জানান, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না পাওয়ায় মধ্যরাতে প্যারিসের উদ্দেশে রওনা হতে হয়েছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা কর্মজীবী, প্রবীণ ও পরিবারসহ আসা মানুষের জন্য অত্যন্ত কষ্টকর। আরেক সেবাপ্রত্যাশী স্ত্রী ও সন্তানদের নিয়ে রাত জেগে দূতাবাসের সামনে অপেক্ষা করার কথা জানিয়েছেন। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় অপেক্ষার জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থাও নেই। বিশেষ করে শিশুদের নিয়ে এভাবে রাত কাটানো অত্যন্ত দুর্ভোগের। প্রবাসীদের বড় একটি অংশ নিয়মিত দেশে অর্থ পাঠান। সেই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, পরিবার-পরিজনের জীবনযাত্রা এবং সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাষ্ট্রীয় ও সামাজিক আলোচনায় তাঁদের প্রায়ই ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে সম্মানিত করা হয়। কিন্তু প্রবাসীদের প্রশ্ন দেশে টাকা পাঠানোই কি তাঁদের একমাত্র দায়িত্ব? নাগরিক হিসেবে তাঁদের পাসপোর্ট, জন্মনিবন্ধন, ভিসা-সংক্রান্ত কাজ, ট্রাভেল পারমিটসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা পাওয়ার অধিকারও কি নিশ্চিত করা হবে না? পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভ্রমণ, পরিচয় যাচাই ও বিভিন্ন প্রশাসনিক কাজে জটিলতা তৈরি হতে পারে।
ফলে পাসপোর্ট নবায়নে দীর্ঘসূত্রতা অনেকের জন্য শুধু ভোগান্তি নয়, বাস্তব প্রশাসনিক সমস্যার কারণও হয়ে দাঁড়াতে পারে। তবে প্রবাসীদের অভিযোগের বিষয়ে দূতাবাসের পক্ষ থেকেও বাস্তব সীমাবদ্ধতার কথা তুলে ধরা হয়েছে। বাংলাদেশ দূতাবাস, প্যারিসের দ্বিতীয় সচিব ও কনস্যুলার দায়িত্বে থাকা কে এফ এম সরহাদ শাকিল জানিয়েছেন, জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে আলাদা ডেস্ক স্থাপন করে সেবা দেওয়ার মতো পর্যাপ্ত জায়গা ও জনবল নেই। একই সঙ্গে দূতাবাসকে বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা পরিচালনা করতে হয়। এসব সীমাবদ্ধতার মধ্যেও জরুরি পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা সমাধানে দূতাবাস কাজ করছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে দূতাবাসের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের সুবিধার্থে আগস্ট ২০২৬-এর প্রতি বুধবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ই-পাসপোর্ট এনরোলমেন্টের বিশেষ ‘ডধষশ-ওহ’ সেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। এ উদ্যোগকে স্বাগত জানালেও প্রবাসীদের মূল প্রশ্ন রয়ে গেছে বিশেষ সেবা কি দীর্ঘমেয়াদি সংকটের স্থায়ী সমাধান করতে পারবে? প্রবাসীদের দাবি, পাসপোর্ট সেবাকে রাতভর লাইনে দাঁড়ানোর ওপর নির্ভরশীল না করে একটি স্বচ্ছ, নির্ভরযোগ্য ও জবাবদিহিমূলক অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে আঞ্চলিকভাবে কনস্যুলার সেবা সম্প্রসারণ, নারী-শিশু ও প্রবীণদের অগ্রাধিকার, জরুরি পাসপোর্টের জন্য পৃথক ডেস্ক এবং দূরবর্তী শহর থেকে আসা প্রবাসীদের নির্ধারিত সময়ে সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা। বাংলাদেশ দূতাবাস, প্যারিসের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, দূতাবাসের অন্যতম দায়িত্ব ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার সেবা দেওয়া এবং তাঁদের প্রয়োজনের প্রতি সাড়া দেওয়া।
তাই প্রবাসীদের বক্তব্যও স্পষ্ট—তাঁরা শুধু অর্থ পাঠানোর মানুষ নন; তাঁরা বাংলাদেশের নাগরিক। দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি বিদেশের মাটিতে তাঁদের মর্যাদা, নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করাও রাষ্ট্রের দায়িত্ব। প্যারিসের দূতাবাসের সামনে রাতভর দাঁড়িয়ে থাকা প্রবাসীদের দীর্ঘ সারি তাই শুধু একটি পাসপোর্টের লাইনের ছবি নয়; এটি রাষ্ট্র ও প্রবাসীর সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনে দিয়েছে— ‘রেমিট্যান্স যোদ্ধা’ নামটি যদি শুধু স্লোগানে সীমাবদ্ধ না থাকে, তাহলে তাঁদের নাগরিক সেবার নিশ্চয়তা কবে মিলবে?
জগন্নাথপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে মিছিলসহকারে যোগ দিয়েছে রানীগঞ্জ ইউনিয়ন
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হুমায়ুন কবির ফোরামের ব্যানারে গতকাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহারে দুর্গম ও বনাঞ্চলবেষ্টিত এলাকাসহ দেশের সামগ্রিক সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নজরদারি আরও কার্যকর ও
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে প্রতিষ্ঠাবার্ষিকীর
মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও
কানাইঘাট প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজন ও বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের মধ্য দিয়ে কানাইঘাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের মধ্যে শীর্ষ পর্যায়ের কোনো দ্বিপক্ষীয় সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
স্টাফ রিপোর্টার: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে ঘিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মনোনয়ন সংক্রান্ত রাজনৈতিক তৎপরতা তীব্র হয়ে