admin
প্রকাশিত: 1:26 PM, October 28, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান জাপান সফর বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে।
গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট নগরের ব্লু ওয়াটার শপিং সিটির ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে মাহা-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দাবা খেলার মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিস রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী সিলেটের কৃষি, শিল্পায়ন, যোগাযোগ ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। কৃষির উৎপাদন ব্যয় কমাতে যান্ত্রিকীকরণের ওপর জোর দিয়ে তিনি জানান, সিলেট সদর উপজেলার কৃষকদের মধ্যে ট্রাক্টর বিতরণ করা হয়েছে। কৃষিজমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং জলাবদ্ধতা দূর করতে খাল খনন ও সেচ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। এছাড়া সিলেট বিমানবন্দরের পাশে ঢাকার শ্যামপুরের আদলে একটি আধুনিক কৃষিপণ্য প্যাকেজিং হাউস ও কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম বড় শাকসবজি রপ্তানিকারক অঞ্চলে পরিণত করা সম্ভব হবে।
কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের লক্ষ্যে সিলেটে ১৮৮ একর জমিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, এর ফলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং বেকারত্ব হ্রাস পাবে। দেশের পরিবহন খাতের ব্যয় কমাতে যোগাযোগ ও পদ্ধতিগত জটিলতা দূর করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সিলেটের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৫ হাজার ৩২৬ কোটি টাকার একটি বড় প্রকল্প একনেক সভায় উপস্থাপনের অপেক্ষায় রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে, যা শিগগিরই একনেক সভায় উঠবে। নগরের পানি সংকট দূর করতে চেঙ্গেরখাল এবং সুরমা-কুশিয়ারা নদী থেকে পানি পরিশোধন করে সরবরাহের একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে সিলেট-ঢাকা মহাসড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে এবং ২০২৮ সালের শেষ নাগাদ এটি পূর্ণাঙ্গ রূপ পাবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া নগরের যানজট কমাতে বিকল্প সড়ক নির্মাণ, বিমানবন্দর থেকে আম্বরখানা চার লেন সড়ক এবং বাদাঘাট বাইপাসের কাজও দ্রুত এগিয়ে চলছে।
নগরে হাঁটাচলা ও উন্মুক্ত স্থানের সংকট দূর করতে পুরোনো কারাগারের জায়গাটি আধুনিক পার্কে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে এটি সিলেট সিটি করপোরেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে এবং পার্কটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নামকরণের ইচ্ছা প্রকাশ করেন মন্ত্রী। এছাড়া ঐতিহ্যবাহী কিন ব্রিজের পাশে নতুন একটি ঝুলন্ত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।
ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা এবং ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে সিলেট নগরকে নিরাপদ ও বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের বর্তমান মেয়াদ শেষে সিলেটের প্রতিটি সড়ক পাকা করাসহ সার্বিক উন্নয়নের জবাবদিহি জনগণের কাছে করা হবে। অনুষ্ঠানে সিলেটের গণমাধ্যম ব্যক্তিত্ব ও ইমজার বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা