admin
প্রকাশিত: 2:03 PM, July 18, 2026
ফ্রান্স প্রতিনিধি:
প্যারিসে বাংলাদেশ দূতাবাসের ই-পাসপোর্ট সেবা নিয়ে ‘দৈনিক সিলেটের সংবাদ’ ও ‘এমআইবি টেলিভিশন’-এ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নড়েচড়ে বসেছে দূতাবাস কর্তৃপক্ষ। ১৬ জুলাই আয়োজিত এক মতবিনিময় সভায় প্রবাসীদের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করা হলেও, স্বচ্ছতা, জবাবদিহি ও গণমাধ্যমের প্রতি দূতাবাসের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রিফেকচারে অ্যাপয়েন্টমেন্ট থাকা আবেদনকারীদের জন্য আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট ও ২২ আগস্ট বিশেষ পাসপোর্ট সেবা প্রদান করা হবে। এছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী অনলাইন অ্যাপয়েন্টমেন্ট স্লট উন্মুক্ত থাকবে। প্রতিদিনের মোট অ্যাপয়েন্টমেন্টের অর্ধেক অনলাইনে এবং বাকি অর্ধেক ১৫ মে-র আগে ই-মেইলে আবেদনকারী প্রবাসীদের জন্য সংরক্ষণ করার ঘোষণাও দেওয়া হয়।
যদিও এই পদক্ষেপগুলোকে অনেক প্রবাসী ইতিবাচক হিসেবে দেখছেন, তবুও মূল সংকটের বিষয়ে এখনো স্পষ্ট কোনো অবস্থান জানায়নি দূতাবাস। অনুসন্ধানী প্রতিবেদনে ই-পাসপোর্টে কৃত্রিম সংকট সৃষ্টি, দালালচক্রের সক্রিয়তা এবং অতিরিক্ত অর্থ আদায়ের যে সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে, সে বিষয়ে কোনো তদন্ত কিংবা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা দেওয়া হয়নি।
অন্যদিকে, ১৬ জুলাইয়ের মতবিনিময় সভাকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মূল অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশকারী ‘দৈনিক সিলেটের সংবাদ’ ও ‘এমআইবি টেলিভিশন’-এর প্রতিনিধিদের এই সভায় আমন্ত্রণ জানানো হয়নি। এছাড়া প্যারিসের অধিকাংশ স্বাধীন ও মূলধারার সাংবাদিকও ওই সভায় অনুপস্থিত ছিলেন। ব্যতিক্রম হিসেবে কেবল সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমানে ডিবিসি নিউজের প্রতিনিধি জাফর ইকবাল উপস্থিত ছিলেন। এ ঘটনায় প্রবাসীদের মধ্যে প্রশ্ন উঠেছে, সমালোচনামূলক গণমাধ্যমকে পাশ কাটিয়ে দূতাবাস কর্তৃপক্ষ একতরফা বার্তা দেওয়ার চেষ্টা করছে কি না।
বিতর্ক আরও ঘনীভূত হয়েছে দূতাবাসের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। সেখানে রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা প্রবাসীদের ক্ষোভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগকে “অপপ্রচার” ও “বিভ্রান্তি” হিসেবে উল্লেখ করেন। রাষ্ট্রদূতের এমন মন্তব্যে প্রবাসীদের মধ্যে নতুন করে অসন্তোষের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী প্রবাসীদের প্রশ্ন—মাসের পর মাস অ্যাপয়েন্টমেন্ট না পেয়ে ভোগান্তির শিকার হওয়া কিংবা অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলে ধরা কি অপপ্রচার, নাকি নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি?
কূটনৈতিক ও প্রবাস বিশ্লেষকদের মতে, দূতাবাসের নতুন ঘোষণাগুলো বাস্তবায়িত হলে প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি হয়তো কিছুটা কমতে পারে। তবে প্রকৃত আস্থা ফিরিয়ে আনতে হলে কেবল নতুন সময়সূচি বা বিশেষ সেবা নয়, বরং অভিযোগের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা এবং পুরো পাসপোর্ট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করাই হবে দূতাবাসের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।
এখন দেখার বিষয়, দূতাবাসের এই ঘোষণাগুলো বাস্তবে কতটা কার্যকর হয় এবং প্রবাসীদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও অভিযোগের সুষ্ঠু সমাধানে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত কতটা আন্তরিক ভূমিকা পালন করে।
স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের
স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ
স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প
স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল
স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও
সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা