admin

প্রকাশিত: 5:27 AM, December 11, 2025

সিলেট-৫ আসনে কঠিন সমীকরণ, কৌশলিকপন্থায় রাজনৈতিক দলগুলো

সিলেট-৫ আসনে কঠিন সমীকরণ, কৌশলিকপন্থায় রাজনৈতিক দলগুলো

স্টাফ রিপোর্টার:

সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। স্থানীয়ভাবে প্রচার আছে, বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের জোট হলে দলটির কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুককে আসনটি ছেড়ে দেওয়া হতে পারে।

এমন অবস্থায় ‘অসন্তুষ্ট ও ক্ষুব্ধ’ বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা। তাঁরা প্রকাশ্যে বিভিন্ন সভা সমাবেশে আসনটিতে বিএনপির নিজস্ব প্রার্থী ঘোষণার দাবি জানাচ্ছেন।

স্থানীয় লোকজন বলছেন, এ আসনে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর ‘ভোটব্যাংক’ আছে। এটা বিবেচনায় নিয়ে বিভিন্ন ইসলামপন্থী দল বিগত একাধিক নির্বাচনে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীর বদলে ‘জোট রাজনীতির’ অংশ হিসেবে আসনটিতে নিজেদের প্রার্থী মনোনয়ন দেয়।

তবে বিএনপির নেতাকর্মীর দাবি, আসনটিতে ইসলামপন্থী দলগুলো বিভাজিত থাকায় পৃথকভাবে সেই অর্থে কারও ভোটব্যাংক নেই। এখানে বিএনপির ভোটারই বেশি। তুলনামূলক কম ভোট থাকা সত্ত্বেও জোটের সুবিধা নিয়ে ইসলামপন্থী দলগুলো দরকষাকষি করে নিজেদের প্রার্থী দিয়ে ধানের শীষের ভোট নিয়ে জয়ী হচ্ছে। এবার তাঁরা এটা হতে দিতে চান না।

স্বাধীনতার পর আসনটিতে চারবার আওয়ামী লীগ, তিনবার জাতীয় পার্টি ও দুবার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন। এ ছাড়া বিএনপি, ইসলামী ঐক্যজোট ও জামায়াতে ইসলামীর প্রার্থী একবার করে জয়ী হয়েছেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তাঁর বাবা প্রয়াত আল্লামা আবদুল লতিফ চৌধুরী সারা দেশে ‘ফুলতলী হুজুর’ হিসেবে পরিচিত।

স্থানীয় লোকজন জানান, আবদুল লতিফ চৌধুরীর তৈরি করা সংগঠন আনজুমানে আল ইসলাহের অসংখ্য ভক্ত ও মুরিদ আছেন। ফুলতলী অনুসারীদের সিলেট-৫ আসনে একটা ভোটব্যাংক আছে। এ অবস্থায় প্রতিটি নির্বাচনের আগেই এসব ভোট কোন প্রার্থীর পক্ষে যাবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা থাকে। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলতলী হুজুরের ছেলে নিজেই প্রার্থী হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবার প্রার্থী হবেন, নাকি কোনো দলের সমর্থনে তাঁদের ভোট যাবে, এ নিয়েও আলোচনা শুরু হয়েছে।

সম্প্রতি বিএনপির এক শীর্ষ নেতা আল্লামা ফুলতলীর বড় ছেলে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরীর দোয়া নিতে তার সোবহানিঘাটের বাসভবনে যান। পরবর্তীতে বিএনপি ও আল ইসলাহের কয়েকজন কেন্দ্রীয় নেতার মধ্যে যুক্তরাজ্যেও বৈঠক হয়েছে। আলোচনায় সিলেট বিভাগের ১৯টি আসনে পারস্পরিক সহযোগিতার রূপরেখা নিয়ে কথা হয়। এর মধ্যে সিলেট-৫ ও মৌলভীবাজার-২ আসন বিশেষভাবে আলোচনায় রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি বিএনপির একটি ‘মধ্যপন্থী ইসলামী ভোট সমন্বয় কৌশল’। জামায়াত বিরোধী ইসলামী ভোটকে নিজেদের দিকে টানতে বিএনপি এই পদক্ষেপ নিচ্ছে।

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সর্বশেষ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আসনটিতে ধানের শীষের প্রার্থী ছিলেন। ওই একবারই এখানে বিএনপির প্রার্থী জয়ী হন। এরপর ২০০১ সাল থেকে জোট রাজনীতির অংশ হিসেবে বিএনপি আসনটিতে প্রতিবার ইসলামপন্থী দলের নেতাদের প্রার্থী করেছে।

২০০১ ও ২০০৮ সালে বিএনপির জোটসঙ্গী হিসেবে আসনটিতে জামায়াত নেতা ফরিদ উদ্দিন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ২০০১ সালে বিজয়ী হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটসঙ্গী হিসেবে মনোনয়ন পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা উবায়দুল্লাহ ফারুক। সেবার মামুনুর রশিদ (চাকসু মামুন) বিএনপির প্রাথমিক মনোনয়ন পেলেও জোট রাজনীতির ভাগবাঁটোয়ারার অংশ হিসেবে শেষ পর্যন্ত উবায়দুল্লাহ ফারুক চূড়ান্ত মনোনয়ন পান।

এই বিষয়ে উবায়দুল্লাহ ফারুক বলেন, দলের প্রার্থী হিসেবে আমি অনেক দিন ধরেই মাঠে কাজ করছি। আর বিএনপির সঙ্গে জমিয়তে উলামায়ে ইসলামের জোট হবে কি না, সেটা কয়েক দিনের মধ্যেই খোলাসা হবে। তখন আমাদের দলের কে কোথায় জোটের প্রার্থী হবেন, সেটাও নিশ্চিত করা হবে।

সিলেট-৫ আসনে এবার বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে আছেন জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ (চাকসু মামুন), যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান (পাপলু), জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসাইন, যুক্তরাজ্য প্রবাসী ফাহিম আলম ইসহাক চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপির সহসভাপতি শরীফ আহমদ লস্কর প্রমুখ। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরীর নামও প্রার্থী হিসেবে আলোচনায় আছে।

মামুনুর রশিদ বলেন, ভোটের মাঠে অজনপ্রিয় হওয়া সত্ত্বেও কেবল জোটভুক্ত হয়ে আসন ভাগিয়ে নেওয়ার বিষয়টি স্থানীয় নেতাকর্মীরা আর মানবেন না। সবাই এখানে এবার বিএনপির দলীয় প্রার্থী দেখতে চান। কারণ, এখানে ধানের শীষের ভোটই বেশি। তাই দলীয় প্রার্থী দেওয়ার দাবি উঠেছে। দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে কাজ করার কারণে অনেকেই মনে করছেন, দল আমাকে এখানে প্রার্থী করবে। আমি মনোনয়ন পেলে এখানে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে।

বিএনপি নেতা সিদ্দিকুর রহমান বলেন, আমি এখানে মনোনয়নপ্রত্যাশী। তবে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। গত ১৭ বছর দলকে আঁকড়ে ধরে রাজনীতি করছি। দলকে সুসংগঠিত করতে কাজ করছি। তাই সব দিক বিবেচনা করে দল যেটা ভালো মনে করবে, সেই সিদ্ধান্ত নেবে এবং সেটাই আমরা মেনে নেব।

আঞ্জুমানে আল ইসলাহ বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সালেহ কুতবুল আলম বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি যে মাওলানা হুসামুদ্দীন চৌধুরী ফুলতলী প্রার্থী হবেন কি না। তবে অনেকেই চান, তিনি যেন প্রার্থী হন। সিলেটে ফুলতলী মসলকের ভোট যে কোনো নির্বাচনের ফল পাল্টে দিতে পারে। রাজনৈতিক দলগুলোও এটি ভালোভাবেই জানেন।

এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে প্রচার-প্রচারণা চালাচ্ছেন জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের রেজাউল করিম আবরার, বাংলাদেশ খেলাফত মজলিসের রেজাউল করিম জালালী, খেলাফত মজলিসের সিলেট জেলার উপদেষ্টা আবুল হাসান ও ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক জালালাবাদী প্রার্থী হিসেবে কাজ করছেন। তবে জাতীয় পার্টির কারও কোনো তৎপরতা এখনো চোখে পড়েনি।

সিলেট-৫ আসন শুধু একটি আসন নয় এটি এখন ইসলামী ভোট রাজনীতির এক বড় পরীক্ষাগার। বিএনপির নীরব কৌশল, জামায়াতের আগাম ঘোষণা এবং ফুলতলী পরিবারের নীরব ভাবমূর্তি সব মিলিয়ে এ আসন ঘিরে উত্তেজনা দিন দিন বাড়ছে। এখন প্রশ্ন একটাই সিলেট-৫ কি আবারও একজন আলেমের হাতে যাবে, নাকি রাজনীতির নতুন কোনো সমীকরণ তৈরি হবে? উত্তর মিলবে অচিরেই, যখন নির্বাচনের ঘণ্টা বাজবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনকালে সিসিক প্রশাসক উপযুক্ত পরিবারগুলো যেন ফ্যামিলি কার্ড পায়

তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ উদ্বোধনকালে সিসিক প্রশাসক উপযুক্ত পরিবারগুলো যেন ফ্যামিলি কার্ড পায়

ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা যাতে প্রকৃত উপযুক্ত পরিবারগুলোর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা

ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে সংবর্ধনা

ইউকে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য (ইউকে) জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা শামীম আহমদের দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে

করেরপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

করেরপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

সিউকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান সিলেট নগরীর ৮নং ওয়ার্ডের করেরপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে

স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে সিউক চেয়ারম্যান কয়েস লোদী

‘নারী শিক্ষার অগ্রগতিতে অনন্য দৃষ্টান্ত মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ’ স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহ্যবাহী মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক

সিলেটে শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে

সিলেটে শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে

স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ এর সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে সিলেট

নিরসনের দাবিতে ডিএনবির মানববন্ধন স্বস্তির যাতায়াত নিশ্চিতকরণ ও সিলেট নগরীর যানজট

নিরসনের দাবিতে ডিএনবির মানববন্ধন স্বস্তির যাতায়াত নিশ্চিতকরণ ও সিলেট নগরীর যানজট

সিলেট-ঢাকা যাতায়াতে স্বস্তি নিশ্চিতকরণ, রেলওয়ের টিকিটের কালোবাজারি বন্ধ, ইকোনমি ক্লাসের ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন এবং সিলেট নগরীর

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলন প্রত্যাহার ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে সংকট নিরসন

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলন প্রত্যাহার ক্লাসে ফিরেছেন শিক্ষার্থীরা বাণিজ্যমন্ত্রীর আশ্বাসে সংকট নিরসন

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি)-র সুনির্দিষ্ট আশ্বাসের পর আন্দোলন প্রত্যাহার করে শ্রেণিকক্ষে ফিরেছেন

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে সবাইকে পাশে দাঁড়াতে হবে: ইমদাদ চৌধুরী

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘুরে দাঁড়াতে সবাইকে পাশে দাঁড়াতে হবে: ইমদাদ চৌধুরী

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের