admin

প্রকাশিত: 4:33 PM, October 27, 2026

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধ করে দিলেন এমপি নুরুল

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধ করে দিলেন এমপি নুরুল

স্টাফ রিপোর্টার

এক কোটি টাকা চাঁদা না পেয়ে এবং এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল লোকজন নিয়ে নির্মাণকাজের সাইটে গিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন এক ঠিকাদার। মঙ্গলবার (২৭ অক্টোবর) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মুক্তিরখলা-১ সেতু নির্মাণস্থলে গিয়ে সংসদ সদস্য ও তাঁর সঙ্গে থাকা লোকজন ঠিকাদারী প্রতিষ্ঠান ইসলাম ট্রেডার্সের প্রকৌশলী, ম্যানেজার, রোলারচালক ও পে-লোডারচালককে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
এর আগে একই দিন সংসদ সদস্য ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি, পুলিশি হয়রানি এবং সরকারি উন্নয়নকাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেন ইসলাম ট্রেডার্সের স্বত্বাধিকারী ঠিকাদার শফিকুল ইসলাম। এতেই ক্ষিপ্ত হয়ে সংসদ সদস্য তার সাইটে হামলা চালান বলে অভিযোগ করেন শফিকুল। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
দৈনিক স্বাধীনতাকে শফিকুল ইসলাম বলেন, প্রায় দুই থেকে আড়াই মাস আগে তিনি সেতু নির্মাণের কাজটি পান। কাজ পাওয়ার পর সংসদ সদস্য তাঁকে ডেকে নিয়ে কাজটি তাঁর লোকজনকে দিয়ে দিতে বলেন। কিন্তু কাজ পেতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে জানিয়ে শফিকুল এতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে সংসদ সদস্য তাঁকে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেন।
শফিকুলের ভাষ্য, পরে সেতু ও সংযোগ সড়কের কাজ শুরু করলে সংসদ সদস্য তাঁকে এক কোটি টাকা চাঁদা দিতে বলেন। চাঁদা না দিলে কাজ করতে পারবেন না বলেও জানানো হয়। তিনি বলেন, “এমপি সাহেব আমাকে বলেছেন, এখানে কাজ করতে হলে এক কোটি টাকা দিতে হবে। আমি এত কষ্ট করে কাজ পেয়েছি, টাকা কীভাবে দিয়ে দেব? চাঁদা দিলে আমি কাজ করব কীভাবে?”
ঠিকাদারের অভিযোগ, সংযোগ সড়কের কাজ শেষ করে মূল সেতুর নির্মাণকাজ শুরু করার সময় গত ২০ অক্টোবর সংসদ সদস্য দুই দফায় নির্মাণস্থলে যান। সকাল ১১টা ও বিকেল ৫টার দিকে সেখানে গিয়ে তিনি কাজ বন্ধ করে দেন। এ সময় বন বিভাগের কর্মকর্তা এবং ইসলাম ট্রেডার্সের প্রকৌশলী ও ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। বন বিভাগের অনুমতি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে গাছ কাটার কাজ চলছিল বলে আবেদনে উল্লেখ করেছেন শফিকুল।
তিনি অভিযোগ করেন, নির্মাণস্থলে তাঁর প্রকৌশলী ও ব্যবস্থাপককে গালিগালাজ করা হয়। সংসদ সদস্যের সঙ্গে দেখা না করা পর্যন্ত কাজ চালানো যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ঠিকাদারকে সুনামগঞ্জে নিয়ে গিয়ে সংসদ সদস্যের সঙ্গে দেখা করানোর কথা বলা হয়। পরে বন বিভাগের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের কর্মচারীরা রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করেও সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করতে পারেননি বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
শফিকুল আরও বলেন, ওই রাতেই সুনামগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান নাঈম তাঁকে ফোন করে সংসদ সদস্যের সঙ্গে দেখা করে বিষয়টি সমাধানের জন্য চাপ দেন। এ ছাড়া গত ৫ অক্টোবর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু ফোনে তাঁকে হুমকি দেন বলেও অভিযোগ করেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ জমা দেওয়ার পর মঙ্গলবারের হামলার ঘটনা ঘটেছে বলে দাবি শফিকুলের। তিনি বলেন, “আমি আর কোনো উপায় না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছি। অভিযোগ জমা দেওয়ার রসিদও নিয়ে এসেছি। এই খবর পেয়ে আরও ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার তিনি আবার দলবল নিয়ে সাইটে যান। সেখানে আমার রোলারচালক, পে-লোডারচালক, প্রকৌশলী ও ব্যবস্থাপককে মারধর করা হয়েছে।”
শফিকুলের দাবি, সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল নিজে এ সময় উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে বিএনপির কয়েকজন নেতা-কর্মীও ছিলেন, যাঁদের মধ্যে রাজু, সোহেল ও কালা চান নামে ব্যক্তিরা ছিলেন বলে উল্লেখ করেন তিনি। মারধরের শিকার কর্মীদের চিকিৎসার জন্য সিলেটে নিয়ে এসেছেন বলেও জানান এই ঠিকাদার। তাঁর অভিযোগ, মঙ্গলবারও নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাঁকে পরদিন সংসদ সদস্যের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।
ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করেছেন কি না- জানতে চাইলে শফিকুল বলেন, সংসদ সদস্যের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ করলে উল্টো হয়রানির শিকার হওয়ার আশঙ্কা করছেন তিনি। তাঁর ভাষ্য, এর আগেও চাঁদা না দেওয়ার কারণে তাঁকে রাজনৈতিক মামলায় জড়ানো হয়েছে। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এবং তাঁর কোনো রাজনৈতিক পদ-পদবি নেই বলেও দাবি করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া লিখিত আবেদনে শফিকুল অভিযোগ করেছেন, তাঁর কাছে বিভিন্ন সময়ে মোট এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে। দাবি পূরণ না করায় তাঁকে চাপ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এসব ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা গুরুতর হামলা কিংবা প্রাণহানির ঝুঁকিতে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২১ অক্টোবর সুনামগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সিলেট নগরের কোতোয়ালি থানাধীন সুবিদবাজারের এক্সেল টাওয়ারে তাঁর বাসায় অভিযান চালায়। এ সময় এসআই মো. জহির হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাকারিয়া আহমেদসহ ১০ থেকে ১৫ জন পুলিশ সদস্য এবং অন্য কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলে দাবি করেছেন তিনি। তাঁকে আটকের উদ্দেশ্যে বাসায় তল্লাশি চালানো হয় এবং তাঁর স্ত্রীকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শফিকুলের অভিযোগ, ২০২৬ সালের ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম হাজীপাড়া এলাকায় সার্কিট হাউসের সামনের সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে আসামি করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় করা ওই মামলার নম্বর ৩৪। সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় করা মামলায় তাঁকে ৫১ নম্বর আসামি করা হয় বলে আবেদনে উল্লেখ করেছেন তিনি।
তবে মিছিলের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা ছিল না দাবি করে শফিকুল অভিযোগ করেন, সংসদ সদস্যের নির্দেশে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু পুলিশ কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করে মামলায় তাঁর নাম অন্তর্ভুক্ত করিয়েছেন। তাঁর দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর তাঁকে হয়রানির উদ্দেশ্যে এ মামলায় জড়ানো হয়েছে।
এর আগে ২০২৫ সালের ২৮ মার্চ জামালগঞ্জ থানার বেহেলী ইউনিয়নের করালজান বিল এলাকায় মাছ চুরির অভিযোগে করা আরেকটি মামলায়ও তাঁকে আসামি করা হয়েছিল বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। ২৯ মার্চ দায়ের করা ওই মামলার নম্বর ২০। এতে তাঁকে ১৩ নম্বর আসামি করা হলেও পরে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দেওয়া আবেদনে শফিকুল ইসলাম নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাঁর ব্যবসা ও ঠিকাদারি কাজ নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ তৈরির অনুরোধ জানিয়েছেন। আবেদনের সঙ্গে সুনামগঞ্জ সদর থানার মামলা নম্বর ৩৪ ও জামালগঞ্জ থানার মামলা নম্বর ২০-এর এজাহারের অনুলিপি, বাসায় অভিযানের সিসিটিভি ফুটেজ এবং ফোনকলের রেকর্ড ও অডিও সংযুক্ত করেছেন বলে উল্লেখ করেছেন।
অভিযোগের বিষয়ে সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুলের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। ফলে চাঁদা দাবি, নির্মাণকাজে বাধা ও মঙ্গলবারের হামলার অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট অন্য যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁদের বক্তব্যও পাওয়া যায়নি।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

চাঁদা না পেয়ে সরকারি সেতুর কাজ বন্ধের অভিযোগ এমপি নুরুলের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: এক কোটি টাকা চাঁদা না পেয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি সরকারি সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া ও কর্মচারীদের

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত প্রতিবাদের মঞ্চ বানানোর অভিযোগ বদরুল চেয়ারম্যানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার: জনগণের সেবা প্রদানের কেন্দ্রস্থল ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে ব্যক্তিগত ও দলীয় প্রতিবাদের স্থানে রূপান্তর করার তীব্র অভিযোগ

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

সিলেটে উন্নয়নে ১০ হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির ক্স প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের অর্থনৈতিক সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচন করবে

স্টাফ রিপোর্টার: সিলেট অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং জনজীবন আরও স্বস্তিদায়ক করতে সরকার প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন মেগা প্রকল্প

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

সদরে কৃষিযন্ত্র ট্রাক্টর ও বিনামূল্যে এলএলপি বিতরণকালে খন্দকার মুক্তাদির সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে গড়ে তোলা হবে

স্টাফ রিপোর্টার: কৃষির আধুনিকায়ন, বছরজুড়ে পরিকল্পিত সবজি উৎপাদন, উন্নত সংরক্ষণব্যবস্থা ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ সম্প্রসারণের মাধ্যমে সিলেটকে দেশের অন্যতম

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র‌্যালি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে ভূমিকা রাখছে যুবদল: খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

সিলেটে ১০ নভেম্বর শুরু হচ্ছে বইমেলা প্রস্তুতিমূলক সভায় বইমেলা সফল করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার: সিলেটে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ‘সিলেট বইমেলা-২০২৬’। নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ১২ দিনব্যাপী এ বইমেলা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

কারিতাসের উদ্যোগে জামালগঞ্জে সার-বীজ ও কীটনাশক ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় সভা

জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে সাচনা বাজারে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ সবজি চাষ সম্প্রসারণে কৃষক, সার-বীজ ও

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

বিশ্বনাথে অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন বিশ্বনাথে উন্মোচিত হলো ডিজিটাল প্রযুক্তির জ্ঞান ও দক্ষতা অর্জনের নতুন দিগন্ত : আনসার ভিডিপি উপমহাপরিচালক

সিলেটের বিশ্বনাথে ‘অন্যরকম আইটি ও কম্পিউটার ট্রেনিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বিশ্বনাথ নতুন বাজারের রামপাশা