admin

প্রকাশিত: 4:46 PM, November 22, 2026

সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সিলেটের সংবাদ ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।
তিনি বলেন, ‘অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
গতকাল বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানস্থলে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান।
এরপর প্রধানমন্ত্রীকে মঞ্চে নিয়ে আসা হয় এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ এর ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং চব্বিশের ৫ আগস্টের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে যুগান্তকারী ভূমিকা পালন করেছে।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে যেভাবে দেশের স্বাধীনতা অর্জন করেছেন, একইভাবে ২০২৪ সালে দেশের বীর ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষা করেছেন।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে আমাদের দুটি প্রধান দায়িত্ব রয়েছে। প্রথম ও প্রধান দায়িত্ব হচ্ছে যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে শহীদদের কাক্সিক্ষত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।
সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে।
তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। ওই হত্যাযজ্ঞের পর বাংলাদেশকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তা দেশবাসীর জানা।
সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।

বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অংশ।
সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার জন্য চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।
সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি তাদের এবং পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নেও সরকার আন্তরিক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এরই অংশ হিসেবে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে বলেন, বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
সশস্ত্র বাহিনীর সদস্যদের দেশ ও বিদেশে দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি বলেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে দেশের দুর্যোগকবলিত এলাকায় যখনই প্রয়োজন হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাদের ভূমিকা প্রশংসনীয়।
তিনি বলেন, বিশ্বের যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা সুনাম অর্জন করেছেন। পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমনে এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য শহীদ ও আহত হয়েছেন।
প্রধানমন্ত্রী দেশে-বিদেশে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আহত সদস্যদের প্রতিও তিনি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধি ও অতিথিদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়ে তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বন্ধুপ্রতিম দেশ ও তাদের জনগণের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতায় তাদের অব্যাহত সমর্থন কামনা করেন।
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অব্যাহত অংশগ্রহণ ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহৎ প্রচেষ্টায় বাংলাদেশের সদস্যরা পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করে যাবেন।
বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী সেনানিবাসে এসে ব্যক্তিগতভাবে স্মৃতিকাতর হয়ে পড়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন।
প্রধানমন্ত্রী হিসেবে এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তিনি বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অংশগ্রহণ। প্রধানমন্ত্রী তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান।
অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
সংবর্ধনায় বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

সিটি আদর্শ ফাউন্ডেশনের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতির নাগরিক সংবর্ধনা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতির নাগরিক সংবর্ধনা

শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

১১, ১২ ও ১৩নং ওয়ার্ডে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং

মশা নিধনের দাবিতে মঙ্গলবার সিলেটে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা

মশা নিধনের দাবিতে মঙ্গলবার সিলেটে মশারি টাঙিয়ে প্রতীকী শোভাযাত্রা

সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী

আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন

আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন

সারাদেশে আদালতে বিচারাধীন মামলাগুলো নিয়ে বাদী ও বিবাদী পক্ষ দিনের পর দিন ঘুরতে হচ্ছে। হচ্ছে না দ্রুত নিষ্পত্তি। কেউ কেউ

সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবসে ১০১ বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সিলেটের সংবাদ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,