admin
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
বিনোদন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো গতকাল বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিয়েছেন শোবিজের তারকারা। সকাল থেকে নিজ নিজ ভোটকেন্দ্রে দেখা গেছে তাঁদের। অনেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। কেউ কেউ আবার ভোট শেষে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিক্রিয়া।
গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের তিন কন্যাখ্যাত অভিনেত্রী তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। ভোট দিতে এসে ববিতা বলেন, ‘এত দিন পর ভোট দিতে এসে কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারব না। আমরা চাই যে সরকার আসুক, তারা খুব সুন্দরভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবে। একজন শিল্পী হিসেবে চাই চলচ্চিত্রের উন্নয়ন হোক। আরও সিনেমা হল তৈরি হোক।’
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন অভিনেতা আবুল হায়াত। ভোট প্রদান শেষে আবুল হায়াত যোগ্য প্রার্থীর জয়ের প্রত্যাশা ব্যক্ত করেন।
বেলা সাড়ে ৩টায় রাজধানীর বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন নগর বাউল জেমস। ভোট দিয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেমস বলেন, ‘খুবই স্মুথ সব। এলাম, স্লিপ নিলাম, ভোট দিলাম, সুন্দর। কোনো ঝামেলা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকারকে এর জন্য ধন্যবাদ।’
গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বাবা-মাকে নিয়ে ভোট দিয়েছেন মডেল আদিল হোসেন নোবেল। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। এবার ভোটের পরিবেশ দেখে নিজেদের সন্তুষ্টির কথা জানান তাঁরা।
নিজ জেলা শরীয়তপুরে গ্রামের বাড়িতে ভোটাধিকার প্রয়োগ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেই ছবি শেয়ার করে ফেসবুকে প্রভা লেখেন, ‘আমি শুধু ভোট দিইনি, আমি আমার কণ্ঠ প্রকাশ করেছি। একজন সচেতন নাগরিক হিসেবে দেশের ভবিষ্যৎ গড়ার অংশ হয়েছি।’
দুপুরে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ কেন্দ্রে ভোট দেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সে সময়ের একটি ছবি ফেসবুকে শেয়ার করে অপূর্ব লেখেন, ‘দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর আমরাই, আর তার শুরুটা হয় একটি ভোট দিয়ে। একটি সুন্দর আগামীর জন্য আজ আমার ভোটটি দিলাম।’
ঢাকা-১৭ আসনের ভোটার অভিনেতা ওমর সানী। বেলা ১১টার দিকে গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। ময়মনসিংহ নগরীর মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। সকালের শুরুতেই ভোটাধিকার প্রয়োগ করে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ফেসবুকে ভিডিও বার্তা দেন নির্মাতা আশফাক নিপুন। রাজধানীর বাড্ডায় মহানগর কলেজ কেন্দ্রে ভোট দেন অভিনেত্রী তমা মির্জা। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন।
রাজধানীর গুলশানের একটি কেন্দ্রে স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে ভোট দিয়ে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেছেন, ‘ভবিষ্যতের রাস্তা’। ভোট দেওয়া শেষে তোলা ছবি শেয়ার করে ফেসবুকে সংগীতশিল্পী কনকচাঁপা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে এলাম।’
ঢাকা-১৫ আসনের ভোটার চিত্রনায়ক নিরব হোসেন। দুপুরের পর ভোট দিতে যান তিনি। সে সময়ের একটি ভিডিও শেয়ার করে ফেসবুকে নিরব লেখেন, ‘ঢাকা-১৫ থেকেই শুরু হোক বিজয়।’
ভোট দেওয়া শেষে একটি ছবি শেয়ার করে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফেসবুকের ক্যাপশনে লেখেন, ‘ভোটেড’। নাজনীন হাসান চুমকী লেখেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে ভোট দিয়ে দায়িত্ব পালন করে এলাম।’ অভিনেত্রী টয়া লেখেন, ‘জীবনে প্রথমবার ভোট দিলাম, অনুভূতি অদ্ভুত কিন্তু খুব আনন্দের।’ চিত্রনায়িকা বুবলী লেখেন, ‘বাংলাদেশ নির্বাচন ২০২৬।’ সংগীতশিল্পী রবি চৌধুরী লেখেন, ‘উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করলাম মেরুল বাড্ডা আলাতুন্নেছা হাই স্কুলে, ইনশা আল্লাহ বিজয় আসবেই।’ কেয়া পায়েল লেখেন, ‘ভোটটা দিয়েই দিলাম।’ রুকাইয়া জাহান চমক লেখেন, ‘ভোটটা দিয়েই দিলাম। মাত্র ৫ মিনিটে। ভোটকেন্দ্রে সবাই পরিবার পরিজন নিয়ে ভোট দিচ্ছে, দেখেই ভালো লাগছে। হ্যাপি ভোটিং বাংলাদেশ।’
ভোটকেন্দ্র থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান লেখেন, ‘পাওয়ার অব দ্য পিপল।’ অভিনেতা আবদুন নূর সজল লেখেন, ‘ভোট দিলাম।’
রাজধানীর একটি ভোটকেন্দ্রে স্বামীকে সঙ্গে নিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। সেই ছবি ফেসবুক পেজে শেয়ার করে তিনি লেখেন, ‘আরও উন্নত বাংলাদেশের প্রত্যাশায় একজন নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করলাম।’ সংগীতশিল্পী মনির খান ভোট দেওয়ার মুহূর্তের একাধিক ছবি পোস্ট করে লেখেন, ‘ইনশা আল্লাহ।’
‘ডান’ লিখে একাধিক ছবি দিয়ে ফেসবুকে ভোট দেওয়ার কথা জানান অভিনেত্রী তানজিন তিশা। ভোট দিয়ে কেন্দ্র থেকে বাসায় ফেরার ছবি দিয়ে সাফা কবির লেখেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমার ভোটটি দিয়েছি।’
নিজের জীবনের প্রথম ভোট দিতে ১৬ ঘণ্টার জার্নি করে বগুড়া গেছেন নতুন প্রজন্মের সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন। তিনি লিখেছেন, ‘ভোট কেবল ক্ষমতা পরিবর্তনের উপায় নয়, এটি একটি জাতির নৈতিক মানচিত্র নির্ধারণের প্রক্রিয়া।’ সংগীতশিল্পী মুহিন খান জানান, ‘১৭ বছর পর ভোট দিলাম। আলহামদুলিল্লাহ,…সবার আগে বাংলাদেশ।’ অভিনেত্রী আইশা খান ফেসবুকে লেখেন, ‘ভোট দেওয়ার মাধ্যমে বাংলাদেশের নাগরিক হিসেবে দায়িত্ব পালন করলাম।’
অভিনেতা মনোজ প্রামাণিক নওগাঁ জেলার ভোটার। তিনি ভোট দিয়ে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ভোটাধিকার প্রয়োগ করলাম। আপনারাও ভোট দিন।’ সংগীতশিল্পী আতিয়া আনিসা লেখেন, ‘ভোট দেওয়া শুধু একটি অধিকার নয়, এটি আমাদের দায়িত্বও। নিজের দেশ, নিজের ভবিষ্যতের জন্য দায়িত্বশীল নাগরিক হওয়াটাই সবচেয়ে বড় গর্ব।’
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব
সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে
বর্তমান বিশ্বায়নের যুগে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়; এটি একটি সংস্কৃতি, একটি পরিচয় এবং একটি গল্প। সেই গল্পকে বিশ্বমঞ্চে
পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও
স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল
স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।
আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক