admin
প্রকাশিত: 3:53 PM, October 25, 2026
জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার ঘোষণা দিয়েছে সামাজিক সংগঠন ‘হৃদয়ে জকিগঞ্জ, সিলেট’। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. শাহিদুর রহমান বলেছেন, মাদক ও অপরাধ প্রতিরোধে প্রশাসন এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল শনিবার জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাদকের বিস্তার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অন্যদিকে চুরি-ডাকাতির মতো অপরাধ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে এবং জনমনে নিরাপত্তাহীনতা তৈরি করছে। তাই মাদক নির্মূলের পাশাপাশি চুরি-ডাকাতি প্রতিরোধ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ছোটখাটো চুরির ঘটনা বাদ দিলেও চলতি বছরের প্রথম ১০ মাসে জকিগঞ্জ উপজেলায় অন্তত আটটি ডাকাতির ঘটনার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় গভীর রাতে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে। কয়েকটি ঘটনায় ভুক্তভোগীদের মারধর করে আহত করার ঘটনাও ঘটেছে।
সর্বশেষ গত ২৪ অক্টোবর উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম বেউর গ্রামে তাসলিম উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, গভীর রাতে অস্ত্রধারী একদল ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এর আগে ১ জানুয়ারি জকিগঞ্জ পৌরসভার পঙ্গবট গ্রামে সাবেক কাউন্সিলর শামিম আহমদের বাড়িতে ডাকাতির খবর প্রকাশিত হয়। ২৫ এপ্রিল নয়াবাড়ি এলাকায় আব্দুল মতিনের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা হয়। পরে ওই ঘটনায় একজনকে গ্রেপ্তারের খবরও প্রকাশিত হয়েছিল।
১৮ আগস্ট সুলতানপুর ইউনিয়নের সিরাজপাড়া গ্রামে সাবেক ইউপি সদস্য আব্দুল মন্নানের বাড়িতে ডাকাতির ঘটনায় নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মুঠোফোন লুটের অভিযোগ ওঠে। ১৫ সেপ্টেম্বর পৌরসভার কান্দিরপার গ্রামে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে ডাকাতির খবর প্রকাশিত হয়। একই মাসের ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামে একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে মারধর করে মালামাল লুটের অভিযোগ ওঠে।
৯ অক্টোবর দিবাগত রাতে বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামে জামাল উদ্দিন মাস্টার ও তাঁর ভাই ব্যবসায়ী শামীম আহমদের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে লুটপাটের ঘটনায় শামীম আহমদ আহত হন বলে সংবাদে উল্লেখ করা হয়। এরপর ১৯ অক্টোবর দিবাগত রাতে বারহাল ইউনিয়নের শাহবাগ মহিদপুর গ্রামে মাওলানা কমর উদ্দিন ও সিরাজুল ইসলামের বাড়িতে ডাকাতির খবর প্রকাশিত হয়।
ধারাবাহিক এসব ঘটনায় বাড়িঘর ও সম্পদের নিরাপত্তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ বেড়েছে। তাঁদের দাবি, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, লুট হওয়া মালামাল উদ্ধার এবং রাতের টহল জোরদার করতে হবে। পাশাপাশি ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে সুরমা বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক শাহেদ আহমদ রাসেল বলেন, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ জকিগঞ্জ গড়ে তুলতে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই, যুবসমাজকে রক্ষা করি’ স্লোগানে আগামী ৩১ অক্টোবর শনিবার বিকেল ৪টায় উপজেলার কালিগঞ্জ বাজারের সুবহানিয়া মার্কেটের সামনে জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের।
জনসভায় জকিগঞ্জের সর্বস্তরের মানুষ, যুবসমাজ, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ, অপরাধীদের আইনের আওতায় আনা এবং জকিগঞ্জবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা।
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার
লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত
হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের
শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক
স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের