admin
প্রকাশিত: 1:53 PM, October 20, 2026
স্টাফ রিপোর্টার:
ক্ষমতাসীন দল হিসেবে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি দল ও সরকারের ভাবমূর্তি রক্ষা, নেতৃত্বের জবাবদিহি নিশ্চিতকরণ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এসব পদক্ষেপের মধ্য দিয়ে সরকার ও দলের শৃঙ্খলা রক্ষায় বিএনপির ‘জিরো টলারেন্স’ নীতি স্পষ্টভাবে সামনে এসেছে। দলের নীতিনির্ধারক ও হাইকমান্ড স্পষ্ট বার্তা দিয়েছেন যে, দলীয় বা সরকারি ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারেÑএমন কোনো কর্মকাণ্ডকে বরদাশত করা হবে না।
রাজনৈতিক ঘটনাপ্রবাহে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও আকস্মিক এই সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানান তিনি।
এই পদত্যাগের নেপথ্যে রয়েছে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অনুষ্ঠিত একটি মাদকবিরোধী অভিযান। ওই অভিযানে অস্ত্র হাতে ইশরাক হোসেনের উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে একজন জনপ্রতিনিধি ও প্রতিমন্ত্রীর সরাসরি এ ধরনের ভূমিকায় অংশগ্রহণ নিয়ে সুশীল সমাজ ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ওঠে।
সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক হোসেন জানান, উদ্ভূত পরিস্থিতিতে দল ও সরকারের সামগ্রিক কার্যক্রম যেন কোনোভাবেই বিব্রতকর অবস্থায় না পড়ে, সেই নৈতিক বিবেচনা থেকেই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কাজ করার জন্য মন্ত্রীর পদে আসীন থাকা অপরিহার্য নয়।
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তী সময়ে সংসদ সচিবালয় নিয়ম অনুযায়ী তার আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
তার পদত্যাগের পেছনে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার গুরুতর অভিযোগ উঠে আসে। এই ঘটনার সঙ্গে সংসদ সদস্য মিষ্টির নাম জড়িয়ে পড়লে ক্ষমতাসীন দলের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে, যা শেষ পর্যন্ত তার পদত্যাগের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
ব্যক্তিপর্যায়ের পদত্যাগের পাশাপাশি সাংগঠনিক কাঠামোতেও বড় ধরনের রদবদল এনেছে বিএনপি। গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি আকস্মিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়। একই দিনে ঢাকা মহানগর উত্তর যুবদল ও মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, মিরপুরে একটি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘাতের ঘটনার সঙ্গেই এই কমিটিগুলো বিলুপ্তির সম্ভাব্য সম্পর্ক রয়েছে।
সাংগঠনিক এই পদক্ষেপে দলীয় হাইকমান্ডের সামনে নতুন করে দায়িত্ব বণ্টন, পরীক্ষিত নেতৃত্ব নির্বাচন এবং পুরো সংগঠনকে ঢেলে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, এই রদবদলের সুফল নির্ভর করবে নতুন নেতৃত্বের গ্রহণযোগ্যতা, তৃণমূলের সঙ্গে জনসংযোগ এবং আগামী দিনের কর্মসূচি কতটা সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় তার ওপর।
শুধু উচ্চপর্যায়ের জনপ্রতিনিধি বা শীর্ষ নেতারাই নন, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ জন নেতাকে সরাসরি দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা রয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক গোলাম হাফিজ বলেন, “রাষ্ট্র পরিচালনায় থাকলে দলীয় সিদ্ধান্ত ও সরকারি দায়িত্ব এক সুতোয় গাঁথা হয়ে যায়। দলীয় কোনো নেতার ব্যক্তিগত বিতর্ক সরকারের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, আবার সরকারি দায়িত্বের কোনো ত্রুটি দলের ওপর বর্তায়। বিএনপি সে বিষয়টি উপলব্ধি করেই দ্রুত পদক্ষেপ নিচ্ছে।”
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “ইশরাক হোসেন ও ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ, ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্তি এবং ১৪ নেতার বহিষ্কার প্রমাণ করে বিএনপি সরকার ও দলের ভাবমূর্তি নিয়ে অত্যন্ত সজাগ। ব্যক্তিপর্যায়ের কোনো বিতর্ক বা সাংগঠনিক স্থবিরতা দূর করতে কাউকে ছাড় দিতে রাজি নয় হাইকমান্ড।”
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে মাদকের বিস্তার, ধারাবাহিক চুরি-ডাকাতি ও জননিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে আগামী ৩১ অক্টোবর মাদকবিরোধী জনসভার
লিডিং ইউনিভার্সিটি সিলেটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. তাজ উদ্দিন বলেছেন, আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন-সুন্নাহর আদর্শ অনুসরণের বিকল্প নেই।
বিশ্বনাথ প্রতিনিধি: লেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের শাহবাজপুর গ্রামে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে প্রায় সাত শতাধিক দরিদ্র
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি পূর্ণাঙ্গ পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত
হযরত শাহজালাল (রহ.) এর মাজার পরিচালনায় সার্বিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাজারের জায়গা, দান-অনুদান এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ জেলা প্রশাসনের
শিক্ষাক্ষেত্রে অবদান, জ্ঞানচর্চা, সাহিত্যসাধনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেছেন সিলেটের শিক্ষক ও প্রাবন্ধিক
স্টাফ রিপোর্টার: প্রান্তিক তাঁতিদের জন্য সুতা, রং ও প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ সহজ করতে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে তাঁতি সমিতি
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের